ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিআইএন নম্বরধারী (কর সনাক্তকরণ নম্বর) সবাইকে কিছু না কিছু কর দিতে বলে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
একইসঙ্গে দেশে দুর্নীতি কমাতে রাজস্ব আদায় ব্যবস্থা, ভূমি নিবন্ধন প্রক্রিয়া এবং পুলিশ প্রশাসনকে ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মিলনায়তনে বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, "দেশে এখন টিআইএনধারী করদাতার সংখ্যা ২৩ লাখের মতো। এর মধ্যে কর দেন মাত্র সাত লাখ। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। এ দুর্নাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সব টিন নম্বরধারীকে কিছু না কিছু কর দিতে হবে।"
তিনি বলেন, "এখনও আমদানি শুল্ক খাত থেকে মোট রাজস্বের ৪২ শতাংশের মতো আদায় হয়। ৮/১০ বছর পর এ খাত থেকেই হয়তো আর কিছুই আদায় হবে না। সে পরিস্থিতিতে আমাদের আয়কর ও কর্পোরেট ট্যাক্সের (প্রতিষ্ঠান কর) দিকেই সবচেয়ে বেশি জোর দিতে হবে।"
মুহিত বলেন, "যাদের সামর্থ্য আছে তারা কোনও অবস্থাতেই যেন কর ফাঁকি দিতে না পারে- তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। সব টিআইএন নম্বরধারীদের কাছ থেকে কর আদায়ের চিন্তা সে পরিকল্পনারই একটি অংশ।"
তবে চলতি ২০০৯-১০ অর্থবছর থেকেই সব টিআইএন নম্বরধারীদের কাছ থেকে কর আদায় করা হবে কি না- তা স্পষ্ট করেননি অর্থমন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "একজন বুদ্ধিজীবী রাজস্ব আদায় বাড়ানোর জন্য আমাকে পরামর্শ দিয়েছেন, ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের সবার কাছ থেকে সামান্য কিছু হলেও ট্যাক্স আদায় করতে। কিন্তু আমাদের দেশের বাস্তবতায় তা সম্ভব নয়। তবে টিআইএন নম্বরধারী যারা হবেন, তাদের কাছ থেকে কর আদায় করা যৌক্তিক বলে আমি মনে করি।"
অর্থমন্ত্রী জানান, রাজস্ব আদায় বাড়াতে দেশের ১৫টি এলাকায় নতুন করে জরিপ করা হবে। এর মাধ্যমে করদাতার সংখ্যা বাড়ানো হবে। একইসঙ্গে ভুয়া টিআইএন নম্বরধারীদের কাছ থেকে কিভাবে কর আদায় করা যায় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
অর্থমন্ত্রী বলেন, "আজ (বৃহস্পতিবার) এলটিইউ-এর করদাতারা অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। আমাদের প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন এটা তার ধারাবাহিকতারই একটি অংশ। তবে শুধু বড় বড় করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ করে দিলে চলবে না। দেশের সব করদাতাদের জন্য এ ব্যবস্থা করতে হবে। এতে একদিকে যেমন রাজস্ব আদায় বাড়বে;তেমনি এ ক্ষেত্রে হয়রানি ও দুর্নীতিও কমবে।"
মুহিত বলেন, "দুর্নীতি দমনের সবচেয়ে ভালো পথ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আমরা যদি রাজস্ব আদায় পদ্ধতি, পুলিশের রেকর্ড বুক (অভিযোগ, সাধারণ ডায়রি বা মামলা) এবং ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটালাইজড করতে পারি তাহলে দুর্নীতি অনেকাংশে কমে আসবে।"
ভূমি ব্যবস্থায় দুর্নীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "ভূমিদস্যুরা এদেশে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। এরা আবার ভদ্রলোকও বটে। ভূমি অফিস ডিজিটালাইজড হলে সময় বাঁচবে, কাজও দ্রুত হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে দুর্নীতি কমবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮২৫ ঘ.
bdnews24