২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে গ্রামীণফোন ইলিশ উৎসব শুরু

জনগণকে ইলিশ বিষয়ে সচেতন করতে বৃহস্পতিবার থেকে চাঁদপুরে শুরু হয়েছে 'গ্রামীণফোন ইলিশ উৎসব'। উৎসব চলবে শনিবার পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 12:04 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

চাঁদপুর, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনগণকে ইলিশ বিষয়ে সচেতন করতে বৃহস্পতিবার থেকে চাঁদপুরে শুরু হয়েছে 'গ্রামীণফোন ইলিশ উৎসব'। উৎসব চলবে শনিবার পর্যন্ত। সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস মুহাম্মদ আজিম উদ্দীন। দেশের বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা কোম্পানি গ্রামীণফোন'র সহযোগিতায় চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠন 'চতুরঙ্গ' এর ২৬ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করেছে। চতুরঙ্গের মহাসচিব হারুন-আল-রশিদ জানান, তিন দিনব্যাপী এ উৎসবে ইলিশ প্রদর্শন ও বিক্রয় ছাড়াও থাকছে ইলিশ রেসিপি প্রতিযোগিতা, ইলিশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, জেলে গান ও জেলে নৃত্য প্রতিযোগিতা, ইলিশ ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, ইলিশ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ ও রাজনীতিবিদ ওসমান গণি পাটওয়ারী। উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কাজী শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী, গ্রামীণফোনের কুমিল্লা এরিয়া ম্যানেজার আবুল হাসানাত, গ্রামীণফোনের চাঁদপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাক। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অবদানের জন্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, মহিলা মুক্তিযোদ্ধা চিকিৎসক ডা. সৈয়দা বদরুন্নাহার এবং চিংড়ি ও ইলিশ রপ্তানিতে অবদান রেখে পুরস্কার পাওয়ায় চাঁদপুর সি ফুড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুর রহমান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৮১৫ ঘ.