২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জেএমবি সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে আব্দুল মতিন নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঝিনাইদহ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে আব্দুল মতিন নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতিনের বাড়ি জেলার কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ মণ্ডল জানান, বিকেল চারটার দিকে আরাপপুরে পশুর হাসপাতালের সামনে গবাদিপশুর ওষুধের দোকান থেকে মতিনকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, ২০০৮ সালের ২৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সন্ত্রাসী ঘটনায় কয়েকজন জেএমবি সদস্য গ্রেপ্তার হয়। ওই সময় মতিন পালিয়ে আসেন এবং ঝিনাইদহ শহরের পশু হাসপাতালে সামনে একটি গবাদিপশুর ওষুধের দোকান খুলে বসেন। ওসি জানান, গ্রেপ্তার করা জেএমবি সদস্যরা পরে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মতিনের পরিচয় ও ঠিকানা জানায়। তার সূত্র ধরেই মতিনকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, মতিন বর্তমানে কোটচাঁদপুর থানা হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির কাছে হস্তান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.