বগুড়া, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার সোনাতলা এলাকায় যমুনা নদী সংলগ্ন একটি জলাবদ্ধ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
লাশের পকেটে ভারতীয় মুদ্রাসহ ওষুধ পাওয়া গেছে বলে এক পুলিশ কর্মকর্তা জানান।
এলাকাবাসী নিপুন আনোয়ার জানান, মঙ্গলবার রাতে পাকুল্যা ইউনিয়নের আচারের পাড়া এলাকায় যমুনা নদীতে এলাকাবাসী লাশগুলো পড়ে থাকতে দেখে সোনাতলা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও রাতে লাশ উদ্ধার করা সম্ভব হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, পরে রাজশাহী থেকে দমকল বাহিনীর পাঁচ ডুবুরি এসে অর্ধগলিত লাশ তিনটি উদ্ধার করে।
তাদের মধ্যে দু'জন মহিলা ও একজন পুরুষ বলে তিনি জানান।
ঘটনার সত্যতা স্বীকার করে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল জানান, নৌকাডুবিতে তাদের মৃত্যু ঘটে থাকতে পারে।
জলাবদ্ধ স্থানে কচুরিপানার মধ্যে লাশগুলো আটকে পড়েছিল বলে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা বলেন, কচুরিপানাতে কয়েকটি মরা গরু ও বহু জুতা স্যান্ডেলও পড়েছিল।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লাশের পকেটে ভারতীয় মুদ্রা পাওয়া যাওয়ায় লাশগুলো ভারত থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১০০ ঘ.
bdnews24