ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাছ সংক্রান্ত যে কোন তথ্য প্রত্যন্ত অঞ্চলের খামারিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার।
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার বলেন, এক্সেস টু ইনফরমেশন বা তথ্য প্রাপ্তির সুবিধা কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে দেশের দশ উপজেলার ১০টি গ্রামে এই সুবিধা দেয়া হবে।
পর্যায়ক্রমে এ সুবিধা সারা দেশে ছড়িয়ে দেয়া হবে বলে উল্লেখ করে তিনি বলেন, এ কার্যক্রম বাস্তবায়নে এরই মধ্যে তথ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট মিলনায়তনে মঙ্গলবার তথ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যকক্রমের উদ্বোধন করেন মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামীণ জনগোষ্ঠির কাছে এ সেবা পৌঁছে দেওয়ার জন্য মন্ত্রণালয় ইউএনডিপির সহযেগিতায় মৎস্য বিষয়ক তথ্য ও যোগাযোগ কেন্দ্র গঠন করেছে।
এসব কেন্দ্রে ইন্টারনেট, ভিডিও চিত্র, অডিও ও মোবাইলসহ তথ্য-প্রযুক্তির বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হবে। এতে মাছ চাষীরা সহজেই মৎস্য চাষের ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন বলে তারা জানান।
কর্মকর্তারা বলেন, এ প্রযুক্তির মাধ্যমে দুর্গম এলাকাতেও তথ্য পৌঁছানো যাবে।
এই কার্যক্রমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত তথ্যকর্মীরা গ্রামীণ জনগোষ্ঠীকে তথ্য দিয়ে প্রয়োজনীয় সমাধান দেবে বলে উল্লেখ করে তারা বলেন, কোন ক্ষেত্রে কর্মীরা সমাধান দিতে না পারলে উপজেলা, জেলা বা কেন্দ্রীয় পরামর্শকের সঙ্গে মাছ চাষীদের যোগাযোগ করিয়ে দেয়া হবে।
এক্ষেত্রে মোবাইল, ইন্টারনেট বা ভিডিও সম্মেলনের ব্যবস্থা করা হবে বলে তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/২৩০৯ ঘ.
bdnews24