২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র খালাসের মূল দায়িত্বে থাকা হাফিজকে জিজ্ঞাসাবাদ শুরু

দশ ট্রাক অস্ত্রের চালান খালাসের মূল দায়িত্বে থাকা হাফিজুর রহমানকে মঙ্গলবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্রের চালান খালাসের মূল দায়িত্বে থাকা হাফিজুর রহমানকে মঙ্গলবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অস্ত্রবাহী জাহাজটি সনাক্ত করা এবং ঘটনার দিন অস্ত্র খালাসের সময় হাফিজের সঙ্গে থাকা তিন অপরিচিত ব্যক্তির পরিচয় জানার জন্য হাফিজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার হাফিজকে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা চোরাচালান মামলায় তিন দিনের আইনী হেফাজতে নেয় সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নগরীর দামপাড়ায় সিআইডি কার্যালয়ে এনে সন্ধ্যা পর্যন্ত হাফিজকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেন, চোরাচালানি হাফিজ অস্ত্র খালাসের মূল দায়িত্বে ছিলেন। বহির্নোঙ্গরে কোন্ জাহাজ থেকে অস্ত্র খালাস করে তা ট্রলারে করে ঘাটে নিয়ে আসা হয় তিনি তা জানেন। মনিরুজ্জামান চৌধুরী আরও বলেন, এর আগে হাফিজ জবানবন্দিতে কিছু তথ্য দিলেও তা ষ্পষ্ট নয়। গত বছর এ মামলার অধিকতর তদন্ত শুরু হওয়ার পর থেকে এ নিয়ে হাফিজকে তিন দফায় রিমান্ডে নেওয়া হলো। গত মে মাসে দুদফা রিমান্ড শেষে হাফিজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর পরিপ্রেক্ষিতে সিইউএফএল এর সাবেক দুই উধ্বর্তন কর্মকর্তা, এনএসআই'র সাবেক দুই ডিজিসহ পাঁচ সাবেক ও বর্তমান কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এএনএস/এসকে/২২১৪ঘ.