রাজশাহী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় মঙ্গলবার জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক কর্মকর্তা মারা গেছেন।
নিহত কর্মকর্তার নাম- আব্দুল মান্নান (৪৩)। তিনি ব্যাংকটির বগুড়া (উত্তর) আঞ্চলিক শাখার ব্যবস্থাপক ছিলেন। তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, বিকেল ৪টার দিকে মান্নান বগুড়া থেকে জিপে করে রাজশাহী আসছিলেন। ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর বাজারের কাছে পৌঁছানোর পর রাজশাহী থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে জিপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মান্নান মারা যান। জিপের চালক রফিকুল আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, ট্রাকটি পালিয়ে গেছে। এ ব্যাপারে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.
bdnews24