২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যু

চিকিৎসকদের সব প্রচেষ্টা বিফল করে দিয়ে চট্টগ্রামের চারদিন বয়সী সেই জোড়া লাগানো জমজ শিশু দুটি মারা গেছে। অস্ত্রোপচার করে মলদ্বার ও প্রশ্রাবের পথ তৈরি করার পর সুস্থ থাকলেও মঙ্গলবার দুপুর দুইটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে শিশু দুটি মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকদের সব প্রচেষ্টা বিফল করে দিয়ে চট্টগ্রামের চারদিন বয়সী সেই জোড়া লাগানো জমজ শিশু দুটি মারা গেছে। অস্ত্রোপচার করে মলদ্বার ও প্রশ্রাবের পথ তৈরি করার পর সুস্থ থাকলেও মঙ্গলবার দুপুর দুইটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে শিশু দুটি মারা যায়। গত শনিবার সকালে জেলার লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু দু'টির জন্ম হয়। পদুয়া এলাকার মিন্টু দাশ ও মেরী দাশ তাদের বাবা-মা। শরীরের নিচের অংশ পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় শিশুদু'টি ভূমিষ্ঠ হয়। মলদ্বার ও প্রশ্রাবের পথ বন্ধ থাকায় তাদের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এ কারণে শনিবারই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. তাহমিনা বানুর নেতৃত্বে একদল চিকিৎসক রোববার সাড়ে তিন ঘন্টার অস্ত্রোপচারের মাধ্যমে তাদের মলদ্বার ও প্রশ্রাবের পথ আলাদা করেন। ডা. তাহমিনা বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্রোপচারের পর সোমবার অবস্থা স্বাভাবিক থাকলেও মঙ্গলবার বেলা ১১ টা থেকেই তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করছিল না। শত চেষ্টা ব্যর্থ করে দুপুর দুইটায় তাদের মৃত্যু হয়। এভাবে জোড়া লাগা জমজ দুই শিশুকে বিরল উল্লেখ করে তিনি বলেন, প্রতি ৫০ হাজার শিশু জন্মের মধ্যে এরকম একটি ঘটনা ঘটতে পারে। শিশু দুটির বাবা মিন্টু দাশ তার সন্তানদের মরদেহ চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের পড়ালেখার জন্য চমেক কর্তৃপক্ষকে দান করেছেন বলে জানান ডা. তাহমিনা। বিডিনউিজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসকে/২২৩৯ঘ.