গাজীপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদরের সালনা বন বিভাগ কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার ভোরে দুটি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- একটি ট্রাকের চালক আয়নাল হক (৪০), তার সহকারী মো. সেলিম (২২), শ্রমিক শহিদুল ইসলাম ওরফে নাহিদ (৩০) ও সুলতান মিয়া (৩০)।
আয়নাল ও সেলিমের বাড়ি টাঙ্গাইলের মধুপুর এলাকায়। নাহিদের বাড়ি ঢাকার নবাবগঞ্জে এবং সুলতানের বাড়ি গাজীপুর সদরের হাজীরপুকুর এলাকায়।
গাজীপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতের কোন এক সময় সালনা বন বিভাগ কার্যালয়ের সামনে একটি ইট বোঝাই ট্রাক (ঢাকা মেট্টো- ট- ১১-৩০৯৩) বিকল হয়ে পড়ে। ট্রাকটির দুই শ্রমিক ট্রাকের নিচেই ঘুমিয়ে ছিলেন।
মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে ময়মনসিংহগামী অপর একটি মাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্টো ড-১১-১১৩৭) বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘুমিয়ে থাকা ওই দুই শ্রমিক এবং অপর ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যান।
গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান ট্রাকচালকের সহকারী সেলিম।
দুর্ঘটনার ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে বলে এসআই মোস্তাফিজ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.
bdnews24