২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা আইন সংশোধনের উদ্যোগ

সাংসদদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানদের দ্বন্দ্ব এবং ভাইস চেয়ারম্যানদের অসন্তোষের মুখে উপজেলা পরিষদ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 12:15 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানদের দ্বন্দ্ব এবং ভাইস চেয়ারম্যানদের অসন্তোষের মুখে উপজেলা পরিষদ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "উপজেলা আইন বাস্তবায়নে জটিলতা এবং এর অধীনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের সমস্যাগুলো খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। "প্রকল্প কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করে আগামী তিন মাসের মধ্যে আইনটির জটিলতা এবং দায়িত্ব পালনের সমস্যাগুলো চিহ্নিত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবেন।" এর ভিত্তিতে আইনটির প্রয়োজনীয় সংশোধনীর উদ্যোগ নেওয়া হবে বলে মন্ত্রী জানান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে স্থানীয় সরকারের উপজেলা পরিষদ অধ্যাদেশ জারি করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই অধ্যাদেশে কিছুটা পরিবর্তন এনে সংসদে আইন পাস হয়। উপজেলা চেয়ারম্যানদের অভিযোগ, আইনে তাদের ক্ষমতা খর্ব করে উপজেলা পরিষদে সাংসদদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। অপরদিকে ভাইস চেয়ারম্যানদের অভিযোগ, তাদের দায়িত্ব আইনে সুনির্দিষ্ট করা হয়নি। সৈয়দ আশরাফ জানান, স্থানীয় সরকার বিভাগের ওই প্রকল্পে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) অর্থায়ন করছে। মন্ত্রী বলেন, "তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় সরকার (উপজেলা) পরিষদ অধ্যাদেশ জারি করে জাতীয় নির্বাচনের আগেই এ নির্বাচন দিতে চেয়েছিল। তবে রাজনৈতিক দলগুলোর আপত্তি ও দাবির কারণে এমনটি তারা করতে পারেনি। "... তবুও তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচন দিতে আমাদের বাধ্য করে। আমরা সেটি মেনে নিয়েছি। তাদের করা আইনকে বৈধতা দিতে সংসদে আইন পাস করে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের স্থায়িত্ব দিয়েছি।" 'সিটি করপোরেশন আইন' ও 'পৌরসভা আইন' চূড়ান্ত করার কথা জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "আইন দুটি সংসদে পাসের অপেক্ষায় রয়েছে।" ইউনিয়ন পরিষদ আইনও মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের অপেক্ষায় আছে জানিয়ে তিনি বলেন, মন্ত্রিসভায় অনুমোদনের পর এটি সংসদে তোলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১৮২২ ঘ.