২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেএমবি জঙ্গি গ্রেপ্তার

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের মত জয়পুরহাটে বোমা হামলার ঘটনায় ৩০ বছর সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 11:57 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

রাজশাহী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের মত জয়পুরহাটে বোমা হামলার ঘটনায় ৩০ বছর সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজশাহী নগরীর সিপাইপাড়া মোড় থেকে নাজমুল হক তুহিন (২৮) নামে এ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তুহিনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার হারাইল গ্রামে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। তিনি জানান, তুহিন বেশ কিছুদিন ধরে সিপাইপাড়ায় বাস করছিলেন। তিনি জেএমবির সদস্য জানার পর সিপাইপাড়ার লোকজন সোমবার রাত সাড়ে আটটার দিকে থানায় খবর দেয়। পরে রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওসি জানান, বোমা হামলার ঘটনায় জয়পুরহাট সদর থানায় করা মামলায় তুহিনকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত। জয়পুরহাটের পাঁচুড় মোড়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর, বাস টার্মিনাল ও মাছ বাজারের সামনে বোমা হামলা চালায় জেএমবি জঙ্গিরা। মাছ বাজারের হামলায় এক রিকশা চালক মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০৮ ঘ.