নাটোর, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম) - নাটোর রেল স্টেশন বাজারে সোমবার পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় জিরা উদ্ধার করেছে।
আটক করা হয়েছে চার সন্দেহভাজন চোরাকারবারীকেও।
সদর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেন জানান, বিকেলে নাটোরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াছির আরেফিনের নেতৃত্বে র্যাপিড একশন ব্যাটেলিয়ান-৫ ও পুলিশ যৌথভাবে নাটোর রেল স্টেশন কাচাঁ বাজারে অভিযান চালায়। তারা বাজারের চারটি গুদাম থেকে বিপুল পরিমাণে ভারতীয় জিরা আটক করে।
এর বাজার মূল্য প্রায় ৯ লাখ ৯৭ হাজার টাকা বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা বলেন, অবৈধভাবে জিরা গুদামজাত করার অভিযোগে শহরের বড়গাছা এলাকার আব্দুর রহিমের ছেলে রফিকুল ইসলাম (২৮), মৃত আলিম উদ্দিনের ছেলে শাহজাহান (২৭), লুৎফর রহমানের ছেলে আরিফ রহমান (২৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে আলাউদ্দিনকে (২৬) আটক করা হয়েছে।
চোরাকারবারীরা বিভিন্ন সীমান্ত এলাকা, বিশেষ করে দিনাজপুরের হিলি সিমান্ত দিয়ে এসব জিরা নিয়ে এসে স্টেশনের কাঁচা বাজারে গুদামজাত করেছিল বলে তিনি জানান।
গোপনে সংবাদ পেয়ে এই অভিযান চালানো হয় বলে উল্লেখ করে তিনি বলেন, আটকরা নিজেদের চোরকারবারীদের নিয়োজিত শ্রমিক বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে নাটোর থানায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১২২ ঘ.
bdnews24