রাজশাহী, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর তানোর উপজেলায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ তিনজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।
নিহতরা হলেন- তানোরের যুগীশো গ্রামের ইব্রাহিমের ছেলে জাহাঙ্গীর আলম (২৬) ও তার স্ত্রী মর্জিনা বেগম (২১) এবং একই গ্রামের ভ্যানচালক শাহার আলী (৩৫)।
আহতদের মধ্যে জাহাঙ্গীরের দুই ছেলে-মেয়ে ইমন (৪) ও বর্ষাকে (১) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের তানোর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা তানোর-আমনূরা সড়কে বাস চলাচল বন্ধ ছিল।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রশিদ জানান, জাহাঙ্গীর তার স্ত্রী, ছেলে ইমন (৪) ও মেয়ে বর্ষাকে (১) নিয়ে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে বেলা সাড়ে ১১টার দিকে ভ্যানে বাড়ি ফিরছিলেন। যুগীশো সাঁওতালপাড়া এলাকার সামনে আসার পর একটি বাস তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে তারা সবাই আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে জাহাঙ্গীর ও তার স্ত্রী মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যান ভ্যানচালক।
দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হন বলে ওসি জানান।
তিনি জানান, স্থানীয় জনতা বাসটি ভাংচুর করে চালক শরিফ, তার সহকারী দোলোয়ার এবং বাসের তত্ত্বাবধায়ক গোলাম রাব্বানীকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪১ ঘ.
bdnews24