ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এক সাপ্তাহের মধ্যে ছাত্র দলের কমিটি পুনর্গঠন না করলে গণপদত্যাগের হুমকি দিয়েছেন রাজধানীর বিভিন্ন থানা ও কলেজের বিক্ষুব্ধ ছাত্র নেতারা।
শুক্রবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যখন বিক্ষোভ চলছিল, তখন শেরে বাংলা নগরে ছাত্র দলের নতুন কমিটির নেতারা কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন।
সমাবেশে বিক্ষুব্ধ নেতারা অভিযোগ করেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে একটি বলয় ঘিরে রেখেছে। তারা চায় না ছাত্র দল শক্তিশালী হোক। এই সংগঠনের নেতৃত্বকে দুর্বল ও বিতর্কিত করতে বিতর্কিতদের নিয়ে কমিটি করা হয়েছে।
ছাত্র নেতারা বলেন,'' জামায়াতে ইসলামী ও জঙ্গিবাদের মদদদাতাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ছাত্রদলের নতুন কমিটি হয়েছে। তা ছাত্র দলের সাধারণ কর্মীদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা প্রকৃত ছাত্রদের নিয়ে কমিটি চাই। বির্তকিত এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে বাতিল করতে হবে। নইলে ঢাকাসহ সারাদেশে ছাত্রদলের নেতা-কর্মীরা গণপদত্যাগ করে এর প্রতিবাদ জানাবে।''
সমাবেশে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর ছাত্র দলের (দক্ষিণ)সাধারণ সম্পাদক সুজন, ডেমরা থানার সভাপতি সোহেল, শ্যামপুর থানার সভাপতি জাহাঙ্গীর, রমনা থানার মিন্টু, পল্টন থানার এনাম, কামারাঙ্গীর চর থানার গাফ্ফার, লালবাগ থানার বাবু, খিলগাঁও মডেল ডিগ্রি কলেজের হৃদয়, আলীয়া মাদ্রাসা কলেজের সাহাদাৎ হোসেন ও আবু জাফর গিফারী কলেজের সভাপতি রাসেল বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, খালেদা জিয়ার সহকারি অ্যাডভোকেট শিমুল বিশ্বাসসহ কয়েকজন নেতার বিরুদ্ধে শ্লোগানও দেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৫২২ঘ.
bdnews24