২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় নতুন এলাকা প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে বৃহস্পতিবার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজার মানুষ। বেড়ে গেছে এলাকাবাসীর দুর্ভোগও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে বৃহস্পতিবার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজার মানুষ। বেড়ে গেছে এলাকাবাসীর দুর্ভোগও। প্রধান নদ-নদীর অধিকাংশের পানি আরও বেড়েছে। সুনামগঞ্জে সুরমা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বান্দরবানের লামায় রাস্তায় পাহাড় ধসে পড়ায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় নতুন করে আরও ছয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এছাড়া ব্রক্ষ্মপুত্র, পদ্মা, তিস্তা, ধরলা, নুনখাওয়া এবং ঘাঘটসহ বেশ কয়েকটি নদ-নদীর পানি বাড়তে থাকায় রংপুর অঞ্চলে বড় ধরণের বন্যার আশঙ্কা করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, তাহিরপুর, ধরমপাশা ও জামালগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে চলতি নদীর পানি বাড়ায় আদাং বেড়িবাঁধ ঝুঁকির মুখে পড়েছে। সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সুরমা নদীর পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগের ২৪ ঘন্টায় জেলায় ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত ৫৭টি পরিবার স্থানীয় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলার নতুন করে প্লাবিত ইউনিয়নগুলো হলো বাকলজোড়া, বিরিশিরি ও কাকৈরগড়া। এছাড়া কলমাকান্দা উপজেলায়ও আরো তিনটি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। এগুলো হলো বড়খাপন, পোগলা এবং কলমাকান্দার কিছু এলাকা। এ দু'টি উপজেলায় প্রায় ২০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গাপুর পৌরসভার মেয়র শুভেন্দু সরকার পিন্টু জানান, পৌর এলাকার মুজিবনগর ও চরমুক্তারপাড়ার অধিকাংশ বাড়িঘরে পানি ঢোকায় এলাকাবাসীর দুর্ভোগ বেড়ে গেছে। শহরের বিভিন্ন স্থান জলাবদ্ধ হয়ে পড়েছে। নাগড়া, কুরপাড়, কাটলী, সাতপাই, উকিলপাড়া, জয়নগর ও ইসলামপুর এলাকার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসক নুরুল আমীন বৃহস্পতিবার দুর্গাপুর এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য ২৩ মেট্রিক টন চাল এবং নগদ ৫৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কলমাকান্দার জন্য বরাদ্দ করা হয়েছে ২৭ মেট্রিক টন চাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি জানান, তিন দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া অংশে রাস্তা তলিয়ে গেছে। এতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলা সদরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বৃহস্পতিবার দুপুরে সড়ক যোগাযোগ আবার চালু হয়। তবে রাস্তার উপর পাহাড়ের একাংশ ধসে পড়ায় বুধবার থেকে লামা উপজেলায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লামা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী শাহআলম জানান, প্রয়োজনীয় তহবিল না থাকায় রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। উপজেলা চেয়ারম্যানকেও এ ব্যাপারে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। তবে নির্বাহী প্রকৌশলী সুশংকর আচার্য জানান, শুক্রবার থেকে মাটি সরানোর কাজ শুরু হবে। রুমা উপজেলার ইডেন পাড়ায় দুপুরে পাহাড় ধসে বম আদিবাসী পাড়ার তিনটি বাড়ি বিধ্বস্ত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং জানান, তবে এতে কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানান, ব্রক্ষ্মপুত্র, তিস্তা, ধরলা, নুনখাওয়া এবং ঘাঘটসহ অধিকাংশ নদ-নদীর পানি বাড়তে থাকায় রংপুর অঞ্চলে বড় ধরনের বন্যার আশংকা করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা। রংপুরে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১৬৬ মিলিমিটার। রংপুর পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ নিয়ন্ত্রণ কক্ষের সহকারী প্রকৌশলী রইছ উদ্দিন জানান, কুড়িগ্রামের চিলমারীতে ব্রক্ষ্মপুত্র নদের পানি বিপদ সীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বুধবারের চেয়ে পানি বেড়েছে দশমিক ৭১ সেন্টিমিটার। নুনখাওয়া নদীর পানি বিপদসীমার মাত্র ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবারের চেয়ে পানি বেড়েছে দশমিক ৫৭ সেন্টিমিটার। কাউনিয়ায় তিস্তা নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবারের চেয়ে দশমিক ৪৫ সেন্টিমিটার পানি বেড়েছে। কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবারের চেয়ে পানি বেড়েছে দশমিক ৫৬ সেন্টিমিটার। ডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২২৪৭ ঘ.