ঝিনাইদহ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গা স্টেশনে বুধবার রাতে খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী একটি ট্রেনের (কেপি-১ আপ) পাঁচটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে।
এর মধ্যে একটি ট্যাংকার বেশি কাত হয়ে পড়ায় কিছু তেল মাটিতে পড়ে নষ্ট হয়েছে বলে রেলওয়ের কর্মকর্তারা জানান।
বিকল্পভাবে আপ ও ডাউন লাইনে একটু সময় লাগলেও ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে বৃহস্পতিবার বিকেল ছয়টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রেলওয়ের পাকশি বিভাগের ব্যবস্থাপক এস এম মাহবুবুল আলম।
তিনি জানান, দুর্ঘটনার কারণ তদন্তে বিভাগীয় পর্যায়ে একটি কমিটি করা হয়েছে। তবে কমিটির ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
চুয়াডাঙ্গা স্টেশনে উদ্ধার কাজ তদারকিতে নিয়োজিত রেলওয়ের এ কর্মকর্তা জানান, ট্রেনটিতে ৩৫টি তেল বোঝায় ট্যাংকার ছিল। রাত সোয়া ১টার দিকে আউটার সিগনাল থেকে স্টেশনে ঢোকার সময় ইঞ্জিনের পরের পাঁচটি ট্যাংকার লাইনচ্যুত হয়।
মাহবুবুল আলম জানান, ঈশ্বরদী থেকে উদ্ধরকারী ট্রেন এসে রাতেই উদ্ধার কাজ শুরু করে। লাইনচ্যুত চারটি ট্যাংকার উদ্ধার করা সম্ভব হলেও একটি ট্যাংকার বিকেল ছয়টা পর্যন্ত লাইনচ্যুত অবস্থায় রয়েছে। খুলনা থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন এসেছে। সন্ধ্যা আটটার দিকে উদ্ধার কাজ শেষ হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24