ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক মামলা প্রত্যাহারে বর্তমান সরকার দ্বিমুখীনীতি নিয়ে বিএনপির সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
প্রধান বিরোধীদলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন।
বিএনপি মহাসচিব বলেন '' ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১৭৪টি মামলা প্রত্যাহার হয়েছে। বিএনপির একটিও হয়নি। এটা সরকারের দ্বিমুখীনীতি। একতরফাভাবে তারা নিজেদের মামলা প্রত্যাহার করছে। আর বিএনপির বেলা ভিন্ন সুর। এটা বিএনপির প্রতি সরকারের বিমাতাসুলভ আচরণের বহিঃপ্রকাশ।''
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত তত্ত্বাবধায়ক সরকার ও আগের চারদলীয় জোট সরকারের সময় দায়ের করা কথিত হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের একটি প্রক্রিয়া শুরু করে। এর আগে চারদলীয় জোট সরকারও অনুরূপ উদ্যোগ নিয়েছিল। তবে এর মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় সুনির্দিষ্ট অনিয়ম ও দুর্নীতির যৌক্তিক মামলা যাতে প্রত্যাহার না হয় সে বিষয়ে নজর রাখার তাগিদ দিয়েছেন পর্যবেক্ষকরা।
সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংসদের সাবেক প্রধান হুইপ দেলোয়ার বলেন,'' সংসদের কার্যপ্রণালী বিধিতে এরকম কমিটির অস্তিত্বই নেই। তারা রাজনৈতিকভাবে আমাকে ও আমার পরিবারকে হেয় করতে এই কাজ করেছে। ''
সরকার বিরোধী দলের মামলা প্রত্যাহার না করার ব্যাপারে নির্দেশনা দিয়ে থাকতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
সংসদ থেকে টাকা নেওয়ার ব্যাপারে দেলোয়ার বলেন, "আমি অসুস্থ ছিলাম বলে সেই সময়ে আইনানুগভাবে চিকিৎসার জন্য সংসদ থেকে আবেদন করলে স্পিকার ওই টাকা আমাকে দিয়েছিলেন। যেহেতু আমি আর্থিকভাবে স্বচ্ছল নই, সেজন্য সংসদ থেকে টাকা নিয়েছিলাম।''
চিকিৎসা ও যানবাহনের জ্বালানি বাবদ অভিযুক্তরা নির্ধারিত বরাদ্দের বেশ কয়েকগুণ বেশি টাকা নেন বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর বিতর্কিত মন্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বুধবারের বক্তব্যকে 'শ্যাম রাখি না কুল রাখি- অবস্থা' বলে আখ্যায়িত করেন এ বিএনপি নেতা।
পররাষ্ট্রমন্ত্রী বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে পিনাক রঞ্জন ক ূটনৈতিক শিষ্টাচারের সীমা লংঘন করেছেন বলে ইঙ্গিত দেন।
গত ২১ জুন ঢাকায় দীপু মনির উপস্থিতিতে এক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার টিপাইমুখ বাঁধের বিরোধিতার জন্য বাংলাদেশের রাজনৈতিক মহল ও বিশেষজ্ঞদের কড়া সমালোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১১৬ঘ.
bdnews24