সাতক্ষীরা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় পাঁচ ব্যক্তিকে জবাই ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর আসনের জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ আব্দুল খালেক মণ্ডলসহ (৬৫) নয়জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় আদালতে মামলাটি করেন সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের শহীদ রুস্তম আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী।
হাকিম এএইচএম সামসুল আরেফিন মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন- শিমুলবাড়িয়া গ্রামের সাইফুল্লাহ সরদার (৬৫), কোরবান গাজী (৭০) ও আব্দুল করিম (৭০), একই উপজেলার বালিথা গ্রামের আক্কাস আলী (৭৫) ও বাকের আলী (৮০), কালিয়ানি গ্রামের শহিদুল ইসলাম (৬৫), ফিংড়ী গ্রামের জাফর আলী (পীর সাহেব) ও বৈকারি গ্রামের জাহারুল ওরফে টিক্কা খান।
নজরুল অভিযোগ করেন, ১৯৭১ সালের ২০ মে তার বাবা রুস্তম আলী, একই এলাকার বাবুর আলী, ইদ্রিস, মোন্তাজ মোল্লা ও নূরকে আসামিরা পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তায় ধরে নিয়ে যায়।
খালেক মণ্ডলসহ অন্য আসামিরা হানাদার বাহিনীর ক্যাম্প থেকে দুশ' গজ দূরে নিয়ে তাদের চোখ বেঁধে জবাই করে। পরে মৃত্যু নিশ্চিত করার জন্য তাদের বেয়োনেট দিয়ে খোঁচায়।
নজরুলের অভিযোগ, তিনি বাবার লাশ দাফন করার জন্য বাড়ি নিতে চেয়েছিলেন। কিন্তু খালেক মণ্ডল লাথি মেরে পাঁচজনের লাশই নদীতে ভাসিয়ে দেন।
আসামিরা অপহরণকারী, খুনি, রাষ্ট্রদ্রোহী, স্বাধীনতা বিরোধী ও জঙ্গি মদদদাতা বলে অভিযোগকারী এজাহারে উল্লেখ করেন।
সদর থানার ওসি এস এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার বিষয়ে আদালতের আদেশের কাগজ আমরা এখনও হাতে পাইনি। হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24