ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদাধিকার বলে সাংসদদের উপদেষ্টা করার একটি বিধান অন্তর্ভুক্ত করে সিটি করপোরেশন বিল চূড়ান্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে এর চেয়ারম্যান রহমত আলী এ কথা জানান।
তিনি বলেন, "কমিটি পদাধিকার বলে সাংসদদের সিটি করপোরেশনের উপদেষ্টা করার একটি বিধান যুক্ত করে বিলটি চূড়ান্ত করেছে।"
সিটি করপোরেশন এলাকার মধ্যে থাকা সব সাংসদই সংশ্লিষ্ট সিটি করপোরেশনের উপদেষ্টা হবেন বলে জানান রহমত আলী।
তবে উপজেলা পরিষদের মতো সিটি করপোরেশনের কর্মকাণ্ডে সাংসদদের অনুমোদন বাধ্যতামূলক হবে না।
জাতীয় সংসদের প্রধম অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম খসড়া বিলটি সংসদে উত্থাপন করেন।
ওই খসড়া বিলে সাংসদদের উপদেষ্টা করার কোন বিধান ছিল না।
রহমত আলী বলেন, " চলতি অধিবেশনে বিলটি পাশের জন্য সংসদে উত্থাপন করা হবে।"
সিটি করপোরেশন বিল জটিলতায় প্রায় দুই বছর ধরে নির্বাচন কমিশন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করতে পারছে না।
নির্বাচন কমিশন আগামী ডিসেম্বর নাগাদ ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছে।
উপজেলা পরিষদ বিলে সাংসদদের চাপের মুখে তাদের উপজেলার উপদেষ্টা করার বিধান অন্তর্ভুক্ত করা হয়। ওই আইন অনুযায়ী উপজেলার কর্মকাণ্ড বাস্তবায়নে তাদের অনুমোদন বাধ্যতামূলক। উপজেলা চেয়ারম্যানরা এর তীব্র বিরোধিতা করে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২২০ঘ.
bdnews24