ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশ গঠনে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে মানব সম্পদের উন্নয়ন বিষয়ক অনাবাসী বাংলাদেশিদের প্রথম সম্মেলন বৃহস্পতিবার ঢাকায় শুরু হতে যাচ্ছে।
স্কলার্স বাংলাদেশের চেয়ারম্যান এমই চৌধুরী শামীম বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান।
হোটেল শেরাটনে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে স্কলার্স বাংলাদেশ ও হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট লিমিটেড।
তিনদিনের এই সম্মেলনে দেশ ও বিদেশে শ্রমিক অধিকার, শ্রমিক অধিকার নিশ্চিত করতে সরকারি সংস্থার ভূমিকা ও দেশের মানব সম্পদ উন্নয়নের উপায়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে কমপক্ষে দশটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রী, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, শিল্পোদ্যাক্তা ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত থাকবেন।
অনাবাসী মানব সম্পদের উন্নয়ন ও সুযোগ সংক্রান্ত এ প্রথম সম্মেলনের সমাপনী দিনে বিভিন্ন বিষয়ে পুরস্কার দেওয়া হবে। এতে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
চৌধুরী শামীম বলেন, রেমিটেন্স সংগ্রহে সৃজনশীল ভূমিকা, অভিবাসন খাতের উন্নয়ন, সেরা দক্ষ বাণিজ্য উন্নয়ন ইন্সটিটিউট ও সেরা রিক্রুটিং সংস্থা - এই চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
সম্মেলনে 'বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি: কমপিটিটিভনেস অ্যান্ড প্রডাক্টিভিটি' নামে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিআর/এসকে/২২১৬ঘ.
bdnews24