ঢাকা জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টির পরে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে রাজধানীতে মা ও ছেলে নিহত হয়েছে।
অচেতন অবস্থায় মা মরিয়ম বেগম (৩৫) ও ছেলে শাওন (৪) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বুধবার বিকাল সোয়া চারটার দিকে রাজধানীর লালবাগের নাজিমুদ্দিন রোডে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে সুমন হাসপাতালে সাংবাদিকদের জানান, বিকালে তাদের ৯৪, নাজিমুদ্দিন রোডের বাসার সামনে শাওন খেলছিল। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। দেখতে পেয়ে মা মরিয়ম বেগম তাকে ছাড়াতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মরিয়মের স্বামী সাহাদত হোসেন পেশায় রিক্সাচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/১৮২৯ঘ.
bdnews24