সাভার (ঢাকা), জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার ও ধামরাইয়ে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে বুধবার অস্ত্র, গুলি ও মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনা জেলার সদর থানার সিঙ্গাবুনিয়া এলাকার ইউনুস শিকদার (৩০), ঢাকার ধামরাই উপজেলার থানার বনবাড়ি এলাকার শরিফুল ইসলাম (২৬) এবং জয়পুরা এলাকার সোহেল রানা (২০)।
র্যাব-৪ এর সাভার ফাঁড়ির অধিনায়ক আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধামরাইয়ের জয়পুরা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মনসা মূর্তি উদ্ধার করা হয়।
পূর্তি পাচারের সঙ্গে জড়িত অভিযোগে শরিফুল ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
সাভারে সকাল ৭টার দিকে একটি যাত্রীবাহী বাস থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয় ইউনুসকে।
মহাসড়ক পুলিশের সাভার ফাঁড়ির কর্মকর্তা সৈয়দ নাজমুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিপিএটিসি'র (লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র) সামনে ধামরাই থেকে গুলিস্থানগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ইউনুসকে গ্রেপ্তার করা হয়। তার কাছে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া গেছে।
দুটি ঘটনায় সাভার ও ধামরাই থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০০ ঘ.
bdnews24