ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে তেল-গ্যাস অনুসন্ধান বিষয়ক চুক্তির প্রস্তাব অর্থনীতি বিষয়ক কমিটির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২১ জুন জ্বালানি মন্ত্রণালয় তেল-গ্যাস অনুসন্ধানের বিষয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা চেয়ে প্রস্তাবের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী ওই প্রস্তাবের ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে তা অর্থনীতি বিষয়ক কমিটির কাছে পাঠিয়ে দিয়েছেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চুক্তিটির বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল।
২০০৮ সালের ১৫ ফেব্র"য়ারি সরকার সমুদ্রের ২৮টি ব্লকের অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। মোট ৭টি কোম্পানি ২২টি দরপ্রস্তাব করে ওই দরপত্রে অংশ নেয়। একই বছরের ৭ মে দরপত্র খোলা হয়। সে সময় বলা হয়েছিল- দরপত্র প্রস্তাব যাচাই করে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
দরপত্রে অংশগ্রহণ করা ৭টি কোম্পানির মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের কনোকো ফিলিপস, অস্ট্রেলিয়ার স্যানটোস ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্র-চীন ভিত্তিক লংউডস রিসোর্স লিমিটেড, কোরিয়া ইন্টারন্যাশনাল অয়েল করপোরেশন, যুক্তরাজ্যের কমট্রেক সার্ভিস লিমিটেড, তাল্লো বাংলাদেশ ও চীনের সিনোক।
এদের মধ্যে প্রাথমিক যোগ্যতা যাচাই-বাছাইয়ে কনোকো ফিলিপস ও তাল্লো বাংলাদেশকে প্রাথমিকভাবে নির্বাচিত করে পেট্রোবাংলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/২৩৩৩ঘ.
bdnews24