ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ি এবং যশোর সদরে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রসহ তিন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয় ১৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি জানান, সোমবার রাতে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বিটিসি মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাক চাপায় সবুজ মিয়া (১৫) ও গোলাম রব্বানি (১৬) নামের দু'জন নিহত হয়।
সবুজ উপজেলার মহেশপুর গ্রামের গোলাম মোস্তফা এবং রব্বানি রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আব্দুল গোফ্ফারের ছেলে।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, দুই বন্ধু সবুজ ও রব্বানি সোমবার রাত সাড়ে আটটার দিকে বাইসাইকেলে করে পলাশবাড়ি থেকে পীরগঞ্জ যাচ্ছিল।
তিনি বলেন, বিটিসি মোড়ে পৌঁছলে রংপুর থেকে বগুড়াগামী একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা মারা যায়।
ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যশোর প্রতিনিধিকে জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা জিএম পরিবহনের একটি বাস যশোর সদরের লেবুতলা বাজারে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি একটি দোকানে ঢুকে পড়ে।
তিনি বলেন, দোকানি নরেন্দ্রনাথ (৪৫) ঘটনাস্থলে নিহত ও চালকসহ আহত হয় কমপক্ষে ১৫ জন।
তদের যশোর আড়াই শ' শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
এ দু'টি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/টিআর/১৯৩০ ঘ.
bdnews24