ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজারে সন্ত্রাসীরা এক ব্যক্তির ওপর গুলি চালিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গুলিবিদ্ধ স্বপন কাপালীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ক্রিশ্চিয়ান বহুমুখী সমিতির হিসাব রক্ষণ কর্মকর্তা।
স্বপনের সহকর্মী বিভাষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে মগবাজারের ৩৭০ দিলু রোডের অফিস থেকে একটি ব্যাগে ভরে সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে স্বপন রাস্তার অন্যপাশে রূপালী ব্যাংকে জমা দেওয়ার জন্য বের হন।
তিনি বলেন, "অফিসের কাছে ওঁৎ পেতে থাকা দু'টি মোটর সাইকেলে চার ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। স্বপন বাধা দিলে ছিনতাইকারীরা তার বাম পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।"
ছিনতাইকারী পালিয়ে যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে বলে বিভাষ জানান।
এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলি নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রকম একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমরা বিষয়টি দেখছি।"
রাজধানীর কারওয়ান বাজারে গত শুক্রবার সন্ত্রাসীদের হামলায় তিন জন নিহত হয়।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পরদিন এক অনুষ্ঠানে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/আরএ/এমআই/১৩৩৪ ঘ.
bdnews24