২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ নেই, জনজীবন বিপর্যস্ত

নারায়ণগঞ্জ শহরের কয়েকটি স্থানে গত দু'দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ। এসব এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

নারায়ণগঞ্জ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের কয়েকটি স্থানে গত দু'দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ। এসব এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মাসদাইর, বাবুরাইল, দেওভোগ, ভূঁইয়ারবাগ, ডিএন রোড, পানির ট্যাংকি, দেওভোগ মাদ্রাসা রোড, পাক্কা রোড, বাংলাবাজার, পাইকপাড়া, ব্যাপারী পাড়া, কাশিপুর প্রভৃতি এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এসব এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাসের নানা সমস্যা চলে আসছে। সকাল ১০টার পর গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর আবার রাত্রে আসে। বারবার অভিযোগ করা সত্ত্বেও সমস্যার কোনো সমাধান হয়নি বলে এলাকাবাসী জানায়। বাবুরাইল এলাকার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী চানমিয়া বলেন, "গ্যাস সংকটের কারণে আমাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বহুবার তিতাস গ্যাস অফিসে জানিয়েছি, তাতে কোনো ফল হয়নি।" তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ কার্যালয়ের জেনারেল ম্যানেজার আমির আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "আমাদের প্রতিদিন চাহিদা ৯০ মিলিয়ন ঘনফুট। অথচ সরবরাহ করা হচ্ছে ৭৭ মিলিয়ন ঘনফুট। গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য আমরা উর্ধতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.