বাগেরহাট, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে নয় ব্যক্তিকে হত্যার অভিযোগে সোমবার দুপুরে ২৫ কথিত রাজাকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটের মূখ্য বিচারিক হাকিম গাজী আব্দুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের জলিল মল্লিক নামের এক ব্যক্তি।
আদালত বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত জানান, নথিপত্র থানায় পৌঁছলে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মামলার আসামিরা হলেন হালিম পাটোয়ারী (৬০), মুজিবর হাওলাদার (৬৮), রফিকুল ইসলাম (৬৫), ফারুকুজ্জামান ওরফে বাবলু শেখ (৫৮), সিরাজ মাষ্টার ওরফে সেরাজ কসাই (৭০), আবুল কাশেম মাস্টার (৮০), সামাদ হাওলাদার (৬৪), রাজ্জাক বিশ্বাস (৭১), শাজাহান বিশ্বাস (৭০), মোহাম্মদ মোল্লা (৭০), সাঈদ গাজী (৭৩), আব্দুল বারেক হাওলাদার (৬২), আব্দুল লতিফ কসাই (৬৬), আবু সাঈদ শেখ (৭০), জিন্নাত ফকির (৭০), আতিয়ার রহমান শেখ (৭৩), ইদ্রিস জোয়ার্দ্দার (৭৫), জব্বার শেখ (৬৯), নজরুল জোয়ার্দ্দার (৫৯), ইমান আলী শেখ (৭৭), শাজাহান ফকির (৬৫), মোসলেম মল্লিক (৬০), আশরাফ (৬৬), আমজাদ হাওলাদার (৬৫) এবং আরমান জমাদ্দার (৬৩)।
মামলায় অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১৪ অক্টোবর সকাল ১০টায় বাগেরহাটের রাজাকার কমাণ্ডার রজব আলী ফকিরের নেতৃত্বে আসামিরা সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাঠি বাজারে ১৮টি দোকানে অগ্নিসংযোগ করে। বাজারের আশেপাশের এলাকার ৪২টি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগও করে তারা। এ সময় তারা নয় ব্যক্তিকে চুলকাঠি স্কুল মাঠে গুলি ও বেওনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/১৭৫৫ ঘ.
bdnews24