ফরিদপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল ফারুকের ঘনিষ্ট সহযোগী বি কে হামিদ বুলবুলকে (৫৫) আটকের পর রোববার তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে শুক্রবার তাকে আটক করা হয়।
দুপুরে বুলবুলকে ফরিদপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আশরাফুল ইসলাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফদিরপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বুলবুল নিষিদ্ধ ঘোষিত ফ্রিডম পার্টি ও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ক্যাডারদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করা হবে।
তিনি বলেন, শুক্রবার রাতে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার কাজী ফার্ণিচারের সামনে থকে পুলিশ তাকে আটক করে। তখন বুলবুল গোপন বৈঠক করে বাড়ি ফিরছিলেন।
ওসি আরো জানান, ১৯৭৬ সালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সেনাবাহিনী থেকে তার চাকরি চলে যায়।
এরপর বুলবুল ফ্রিডম পার্টিতে যোগ দেন।
১৯৮৮ সালে ফ্রিডম পার্টির প্রার্থী হিসেবে বুলবুল ফরিদপুর-৩ (সদর) আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩০০ ঘ.
bdnews24