২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে যুবককে ডেকে নিয়ে হত্যার চেষ্টা

আর্থিক লেনদেনের জের ধরে ডেকে নিয়ে এক যুবককে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আশরাফুল হোসেন চৌধুরী (২৮) নামের এই যুবক এখন মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 06:42 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক লেনদেনের জের ধরে ডেকে নিয়ে এক যুবককে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আশরাফুল হোসেন চৌধুরী (২৮) নামের এই যুবক এখন মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আশরাফের মামা সাইফুল ইসলাম চৌধুরী বলেন, "আশরাফ সিলেটে একটি কোচিং সেন্টার পরিচালনা করে। বিদেশে যাওয়ার জন্যে সে কিছুদিন আগে রাজন ও মিথুন নামের দুই ব্যক্তিকে ১০ লাখ টাকা দেয়। কিন্তু বিদেশে না পাঠিয়ে তারা তাকে ঘোরাতে থাকলে আশরাফ টাকা ফেরত চায়।" তিনি জানান, রোববার টাকা ফেরত দেওয়ার কথা বলে তারা মোবাইল ফোনে তাকে ডেকে রাজধানীর মধ্যপাইকপাড়ার নুরজাহান মহল নামের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে দুজন ধারালো অস্ত্র দিয়ে আশরাফকে জবাই করে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে আশরাফ দৌড়ে রান্নাঘরে ঢুকে দরজা আটকে দিয়ে চিৎকার করতে থাকে। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৫০ ঘ.