ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোহিঙ্গা শরণার্থী সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশ, মিয়ানমার ও থাইল্যান্ডকে নিয়ে ত্রিপক্ষীয় উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছে জাতীয় শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
বাংলাদেশে ইউএনএইচসিআর'র প্রতিনিধি পিয়া প্রিজ ফিরি রোববার বলেন, এটি একটি আঞ্চলিক সমস্যায় রূপ নিয়েছে। এর স্থায়ী সমাধানে থাইল্যান্ড, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে।
সচিবালয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ডেও অনেক মিয়ানমারের অনেক নাগরিক আশ্রয়প্রত্যাশী।
মন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ চায় রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত তাদের দেশে ফিরিয়ে নেয়া হোক। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিষয়টি আন্তর্জাতিক সংস্থায় উত্থাপন করা হবে।"
অনিবন্ধিত শরণার্থীদের বিষয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে খাদ্যমন্ত্রী জানান, এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে প্রিয়া প্রিজ বলেন, এ সমস্যার সমাধানে ইউএনএইচসিআর আন্তরিক।
ইউএনএইচসিআর জানায়, ১৯৯১ সালের নভেম্বর থেকে '৯২ সালের জুন পর্যন্তবাংলাদেশে নিবন্ধিত শরণার্থী ছিল মোট ২ লাখ ৫০ হাজার ৮৭৭ জন। এরমধ্যে ২ লাখ ৩৬ হাজার ৫৯৯ জন ফেরত গেছে। বর্তমানে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এবং টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে মোট ২৪ হাজার ১৩৫ জন নিবন্ধিত রোহিঙ্গা অবস্থান করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24