২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস দমনে যুক্তরাজ্য-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে

সন্ত্রাস দমনে একযোগে কাজ করার লক্ষ্যে যুক্তরাজ্য ও বাংলাদেশ 'যৌথ ওয়ার্কিং গ্রুপ' গঠন করছে। এ বছরের শেষ নাগাদ এ ওয়ার্কিং গ্রুপের কর্মপদ্ধতি চূড়ান্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস দমনে একযোগে কাজ করার লক্ষ্যে যুক্তরাজ্য ও বাংলাদেশ 'যৌথ ওয়ার্কিং গ্রুপ' গঠন করছে। এ বছরের শেষ নাগাদ এ ওয়ার্কিং গ্রুপের কর্মপদ্ধতি চূড়ান্ত হবে। যুক্তরাজ্য-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রাথমিক বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। রোববার রাষ্ট্রীয় অতিথিশালা মেঘনায় এ সংস্থাটি গঠনের বিষয়ে যুক্তরাজ্যের নিরাপত্তা ও সন্ত্রাস দমন বিষয়ক মন্ত্রী লর্ড ওয়েস্ট এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদের মধ্যে বৈঠক হয়। পরে ওয়েস্ট সাংবাদিকদের বলেন, "আমাদের দুই দেশই সন্ত্রাসবাদের প্রত্যক্ষ শিকার। আমি মনে করি এই সন্ত্রাসের বিরুদ্ধে উভয় দেশকে এক হয়ে কাজ করতে হবে।" "সন্ত্রাসবাদ সারা বিশ্বের জন্যই হুমকি। আর তাই এ ব্যাপারে আমরা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করে যাচ্ছি", বলেন ওয়েস্ট। পাশাপাশি দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক উপায়ে সন্ত্রাস দমনের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। লর্ড ওয়েস্ট বলেন, "তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সন্ত্রাসীদের মধ্যে যোগাযোগ থাকতেও পারে।" বাংলাদেশ ও যুক্তরাজ্যের সন্ত্রাসীদের মধ্যে আন্তঃ যোগাযোগ থাকতে পারে- এমন আশঙ্কা ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ বলেন, "সন্ত্রাসীদের কোনো সীমা-পরিসীমা নেই। তাদের নিজেদের মধ্যে যোগাযোগ থাকে। তারা পরস্পরকে সহযোগিতা করে। আর সেজন্য আমাদের নিজেদের মধ্যেও নেটওয়ার্ক ও যোগাযোগ গড়ে তুলতে হবে।" এ কারণেই এ যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হচ্ছে বলে জানান তিনি। গত বছরের এপ্রিল মাসে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথ বাংলাদেশ সফরে এসে সন্ত্রাস দমনে যৌথ ওয়ার্কিং গ্র"প গঠনের প্রস্তাব করেন। এরই ধারাবাহিকতায় রোববারের বৈঠক হয়। হাসান মাহমুদ বলেন, "এই গ্রুপের অধীনে আমাদের সীমান্ত ব্যবস্থাপনায় একটি সেল গঠনের জন্য যুক্তরাজ্যের কাছে বৈঠকে আবেদন জানিয়েছি। তারা খুবই ইতিবাচক সাড়া দিয়েছে।" এছাড়ার সমুদ্রসীমা ও উপকূলীয় সম্পদ রক্ষায় কোস্ট গার্ডকে শক্তিশালী করায় বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাজ্যের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। বৈঠকে তথ্য আদান-প্রদানসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় মন্ত্রীই জানিয়েছেন, বছরের শেষদিকে পরবর্তী বৈঠকে যৌথ ওয়ার্কিং গ্রুপের কর্মপদ্ধতি চূড়ান্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২০৪৯ঘ.