ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল পরিদর্শন না করা পর্যন্ত বিতর্কিত টিপাইমুখ বাঁধের নির্মাণ কাজ নিয়ে এগিয়ে না যাওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
তিনি প্রকল্পটি নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ জরিপ চালানোরও প্রস্তাব দিয়েছেন।
বৃহস্পতিবার নিউইয়র্কে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রেনিত কাউরের সঙ্গে বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাব দেন।
বিশ্ব অর্থনৈতিক সংকট নিয়ে আয়োজিত এক সম্মেলনে যোগদানের জন্য দীপু মনি ও প্রেনিত কাউর বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।
দীপু মনির বরাত দিয়ে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংসদীয় স্থায়ী কমিটি পরিদর্শন না করা ও পরিবেশের ওপর প্রতিক্রিয়া নিয়ে ব্যাপকভিত্তিক সমীক্ষা না চালানো পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী বাঁধ নির্মাণ কাজ এগিয়ে না নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
দীপু মনি কাউরকে বলেন, বাংলাদেশের স্বার্থ খর্ব হয় নয়া দিল্লী এমন কিছু করবে না বলে যে নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ তাতে বিশ্বাস করে।
বিবৃতিতে বলা হয়, দীপু মনি যৌথ নদী কমিশনেরও বৈঠকের প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে ভারতীয় প্রতিমন্ত্রীকে মনে করিয়ে দেন যে প্রকল্পটি নিয়ে যৌথ মূল্যায়ন করা উচিত। কেননা এটি বাস্তবায়ন করা হলে বাংলাদেশের পরিবেশের ক্ষতি হবে বলে প্রায় সবাই বিশ্বাস করে।
দীপু মনি চীনা পররাষ্টমন্ত্রী ইয়াং জিচ্ছির সঙ্গেও বৈঠক করে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
এক চীন নীতি, তিব্বত সংকট ও মানবাধিকার পরিস্থিতির প্রতি সমর্থন জানানোয় চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ধন্যবাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/২৩১১ঘ.
bdnews24