ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ এখনই বরাদ্দের জন্য দায়ী উন্নত দেশগুলোর ওপর চাপ দিতে হবে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলো তাদের জাতীয় আয়ের দশমিক সাত শতাংশ দেওয়ার অঙ্গীকার করলেও দু'একটি দেশ ছাড়া কোন দেশই তা পূরণ করেনি বলে অভিযোগ করেন তিনি।
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শনিবার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক এ অভিযোগ করেন। ইআইবি'র পুরকৌশল বিভাগের সংশ্লিষ্ট কমিটি এ সেমিনারের আয়োজন করে।
কমিটির চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে হুইপ মজিবুল হক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক জাফর আহমেদ খান ও আইইবি'র সভাপতি এসএম নজরুল ইসলাম বক্তব্য দেন।
এতে যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের কর্মসূচি ব্যবস্থাপক আবু এম কামালউদ্দিন ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনাজ আহমেদ নূর।
আব্দুর রাজ্জাক বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং ঘন ঘন ঘূর্ণিঝড়, খরা, বন্যা ও জলোচ্ছ্বাস হচ্ছে। এর প্রভাবে শীতকালীন ফসল উৎপাদন বিশেষ করে, গমের উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমে গেছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ঘূর্ণিঝড় আয়লায় বাতাসের গতিবেগ বেশি না থাকলেও জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল বেশি।
জলবাযু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যেসব পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হচ্ছে, দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশকে এখনই সেসব পদক্ষেপ নিতে হবে বলে আব্দুর রাজ্জাক মত দেন।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করছে। তবে বড় প্রাকৃতিক দুর্যোগ হলে এই উদ্বৃত্ত খাদ্যশস্য ব্যবহার করেও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।
সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন খাতের মধ্যে সমন্বয় সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার আগামী অর্থবছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/এসকে/২১১৬ ঘ.
bdnews24