কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় তদন্ত কমিটির বৈঠকে শনিবার যাননি সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার।
তার দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত ১১ সদস্যের ওই কমিটি গত ২০ জুন সাবেক স্পিকারকে তলব করেছিল।
অভিযোগের নথিপত্র সরবরাহ না করাকেই বৈঠকে না যাওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন জমিরউদ্দিন।
আওয়ামী লীগ সাংসদ ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বাধীন তদন্ত কমিটির সদস্যরা শনিবার সংসদ ভবনে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করলেও জমিরউদ্দিন হাজির হননি।
তদন্ত কমিটি অবশ্য বলেছিল, শনিবারের বৈঠকে হাজির হলেই জমিরউদ্দিনকে ওই সব নথিপত্র দেওয়া হবে।
তদন্ত কমিটি সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকেও তলব করেছিল। তবে তারাও আসেননি।
সাংসদদের দাবির মুখে স্পিকার আব্দুল হামিদ গত ১৯ মার্চ জমিরউদ্দিন সরকার এবং অন্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ১১ সদস্যের কমিটি গঠন করেন।
জমিরউদ্দিন সরকার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কথিত দুর্নীতির অভিযোগের প্রমাণপত্র সংবলিত নথিপত্র আমাকে না দেওয়ায় আমি বৈঠকে যাইনি।"
বিএনপির এই নেতা (বর্তমান সাংসদ) জানান, তিনি এখন বগুড়ায় নিজের নির্বাচনী এলাকায় আছেন।
সাবেক স্পিকার বলেন, "তারা (কমিটি) আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে আছে, আমার বিরুদ্ধে সুপারিশ করবে। তাই আমাকে তারা নথিপত্র দেয়নি।"
"আমাকে যদি অভিযোগের নথিপত্রই না দেওয়া হয়, তবে আমি কমিটিতে গিয়ে আত্মপক্ষ সমর্থনে কী বলব"- পাল্টা প্রশ্ন করেন তিনি।
কমিটি অভিযোগের নখিপত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে দাবি করে জমিরউদ্দিন বলেন, "তারা (কমিটি) যদি নথিপত্র দেয়, তবে ভবিষ্যতে বৈঠকে হাজির হতে আমার আপত্তি নেই।"
আত্মপক্ষ সমর্থনে বক্তব্য নিয়ে শনিবারের বৈঠকে হাজির হওয়ার জন্য গত ২১ জুন জমিরউদ্দিন সরকারকে চিঠি পাঠানো হয়। নথিপত্র চেয়ে পরদিন তিনি কমিটিকে একটি চিঠি দেন।
সংসদীয় তদন্ত কমিটির গত বুধবারের বৈঠকের পর কমিটির সদস্য শাহজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ২৭ জুন কমিটির বৈঠকে হাজির হলেই তিনি (জমিরউদ্দিন) ওই সব নথিপত্র পাবেন। এর অন্যথা হলে আমরা পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি সংসদে পাঠাব।"
সাবেক স্পিকার, সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক চিফ হুইপের অভিযোগ তদন্তের সুবিধার জন্য তিনটি উপ কমিটিও গঠন করা হয়।
এর মধ্যে একটি উপ-কমিটির তদন্তে দেখা যায়, জমিরউদ্দিন তার চিকিৎসার জন্য অবৈধভাবে ২৮ লাখ টাকা উত্তোলন করেছেন।
অন্য উপ-কমিটির অনুসন্ধানে দেখা যায়, বিএনপি মহাসচিব (সাবেক চিফ হইপ) খোন্দকার দেলোয়ার বিদেশে চিকিৎসার জন্য 'এমপি ক্লাব' এর তহবিল থেকে ১৮ লাখ টাকা নেন।
আখতার হামিদের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল তার গাড়ির জন্য নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৩০০ ঘ.
bdnews24