ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, "আন্তর্জাতিক সঙ্গীত ভূবনের উজ্জ্বল তারকা মাইকেল জ্যাকসনের অকাল তিরোধানে সুরের জগতে যে বিরাট শুন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।"
বিরোধী দলীয় নেতা আরো বলেন, "এ সঙ্গীত তারকা সুরের মূর্ছনায় মানুষকে কেবল বিমুগ্ধই করেননি, মানবতার বাণীও ছড়িয়ে দিয়েছেন। তিনি ইসলামের শান্তি ও মানবতার মর্মবাণী অনুধাবন করে এ ধর্ম গ্রহণ করেছিলেন।"
মাইকেল জ্যাকসনের অগণিত ভক্ত এবং স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন খালেদা জিয়া।
বাংলাদেশ সময় শুক্রবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে লস এঞ্জেলেসের একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি মারা যান। 'থ্রিলার', 'বিলি জিন' সহ দুনিয়াকে তাক লাগিয়ে দেওয়া অ্যালবাম, গানের সঙ্গে ব্যতিক্রমী সৃষ্টিশীল নাচের লয়ছন্দ, মঞ্চে বিস্ময়কর উপস্থাপনায় তিনি বিশ্বে কোটি কোটি ভক্তের শরীরমনে কাঁপন জাগিয়ে তুলতেন।
১৩ টি গ্র্যামি অ্যাওয়ার্ড এবং বিশ্বের ঘরে ঘরে তার ভিডিও মিউজিকের বিস্তার তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিনোদন তারকার আসনে বসিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/ ২৩০০ঘ.
bdnews24