ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদক দ্রব্যের ভয়াবহ থাবা থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষার জন্য শিক্ষক ও অভিভাবকসহ সকলের প্রতি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুক্রবার সকালে 'মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস' শীর্ষক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক বা গ্রেপ্তার করে, শাস্তি দিয়ে, বিচার করে মাদক দব্যের ভয়াবহ থাবা থেকে রেহাই পাওয়া যাবে না।
এজন্য সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যে মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচারের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে বলে তিনি জানান।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা গণতন্ত্রের জন্যে আন্দোলন করেছি, সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি, এখন মাদক দ্রব্যের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।"
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল স্বল্পতা ও নানা সমস্যা সমাধান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকার, এমন কি, তত্ত্বাবধায়ক সরকারও আমাদের জন্য এতো সমস্যা রেখে গেছে যে তা সামাল দেওয়াই কঠিন।"
"যেখানেই হাত দেই, সেখানেই সমস্যা। পুলিশকে ডাকাত ধরতে বললে দেখা যায় তাদের গাড়ি নেই, যেগুলো আছে তাও মাঝ পথে নষ্ট হয়ে যায়, তারপর নিয়ে যেতে হয় ঠেলে ঠেলে," অভিযোগ করেন তিনি।
একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এসব সমস্যা সমাধানের চেষ্টা করছি।"
তিনি বলেন, চোরাপথে দেশে মাদক দ্রব্য আনা বন্ধে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে।
মাদকসেবী নিরাময়ে সরকারি সীমাবদ্ধতার কথা স্বীকার করে সাহারা খাতুন এ ব্যাপারে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান।
অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র সচিব মোঃ আবদুস সোবহান সিকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/১৯৩৯ ঘ.
bdnews24