বরিশাল, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস সরদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম।
তিনি জানান, একই অভিযোগে ১৯ ইউপি সদস্যের বিরুদ্ধেও আলাদা আলাদা মামলা হয়েছে।
২০টি মামলার সবগুলোরই বাদি হয়েছেন দুর্নীতি দমন কমিশনের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর রহিম জোয়ার্দার।
আসামিদের বিরুদ্ধে ৩৫০ মেট্রিক টন সরকারি ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
ওসি ফারুকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেন, "দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ২০টি মামলা দায়ের করা হয়।"
মামলাগুলোর অপর আসামিরা হলেন- বানারীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল হক সুমন, আব্দুর রশিদ, নুরুল হক।
বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম বারেক, বারেক মৃধা, আব্দুর রহমান ফরাজী।
উদয়কাঠী ইউনিয়ন পরিষদের সদস্য পরিতোষ, আলতাফ হোসেন, মনোজ কুমার, সুকুমার বৈরাগী, আলেয়া বেগম, শারমিন জাকিয়া।
ইলুহার ইউনিয়ন পরিষদের সদস্য খাদিজা বেগম, জাকির হোসেন, নিরোদ হালদার, আতিকুর রহমান, মোহাম্মদ দুলাল, জাহানারা ও মোসাম্মত শিরিন।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৬-০৭ অর্থবছরে ঈদের আগে তৎকালীন সাংসদ শহীদুল হক জামাল দুস্থদের জন্য সাড়ে ৩শ' মেট্রিক টন চাল বরাদ্দ করেন। আসামিরা তা বিতরণ না করে আত্মসাৎ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪০ ঘ.
bdnews24