২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু সোয়া ৬ কিলোমিটার দীর্ঘ করার সুপারিশ

পদ্মা নদীর ওপর প্রায় সোয়া ৬ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের সুপারিশ করেছেন পরামর্শকরা। এর আগের একটি সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে তা ৫ দশমিক ৫৮ কিলোমিটার দীর্ঘ করতে বলা হয়েছিল। প্রকৌশল প্রতিষ্ঠান 'মনসেল এইকম' পদ্মা সেতুর প্রাথমিক নকশায় দ্বিতল সেতুর সুপারিশ করেছে। এতে ওপরের স্তরে যানবাহন চলাচল এবং নিচে রেলপথ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 06:41 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীর ওপর প্রায় সোয়া ৬ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের সুপারিশ করেছেন পরামর্শকরা। এর আগের একটি সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে তা ৫ দশমিক ৫৮ কিলোমিটার দীর্ঘ করতে বলা হয়েছিল। প্রকৌশল প্রতিষ্ঠান 'মনসেল এইকম' পদ্মা সেতুর প্রাথমিক নকশায় দ্বিতল সেতুর সুপারিশ করেছে। এতে ওপরের স্তরে যানবাহন চলাচল এবং নিচে রেলপথ থাকবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক প্রকৌশল প্রতিষ্ঠানটি তাদের প্রস্তাবিত অন্তর্বর্তী নকশার প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করে। চলতি বছরের ১৯ জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতুর জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে মনসেল এইকমকে নির্বাচিত করা হয়। প্রস্তাবিত সেতুটি নির্মাণে ৮০ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় হবে বলে পরামর্শকরা জানিয়েছেন। মনসেল এইকমের প্রকল্প ব্যবস্থাপক কেন হুইলার জানান, দ্বিতল সেতু নির্মাণের ক্ষেত্রে ১৫০ মিটার চওড়া স্প্যান (কলাম) প্রয়োজন হবে। এতে মোট ব্যয় দাঁড়াবে ৮১৬ মিলিয়ন ডলার। অন্যদিকে যানবাহন চলাচল এবং রেলপথ সুবিধার এক স্তরের সেতু নির্মাণে ১৮০ মিটার চওড়া স্প্যান প্রয়োজন হবে। এক্ষেত্রে নির্মাণ ব্যয় দাঁড়াবে ৮৮৭ মিলিয়ন ডলার। প্রস্তাবিত সেতুতে গ্যাস সরবরাহ পথের সুবিধা এবং ১৩ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ একটি সংযোগ সড়কও থাকবে বলে জানান কেন হুইলার। নকশা প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরুতে বিলম্বের জন্য পূর্ববর্তী বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মাওয়া পয়েন্টে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ২০১৩ সালের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ করতে সরকার এবং প্রধানমন্ত্রী দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন যোগাযোগ মন্ত্রী। তবে গত বুধবারই তিনি বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন। ২০১৩ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএনএস/এসকে/২৩২১ঘ.