ঢাকা, ২৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-স্বাধীনতার ঘোষক নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় মওদুদ আহমেদ যা বলেছেন তা 'অসত্য' বলে দাবি করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের বুধবারের বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, "আমার নয়, মওদুদ আহমেদের বক্তব্যই অসত্য। আমি যে কথা বলেছি তা আমার নিজের কথা নয়, তার নিজের লেখা বইয়ের কথা। অসত্য যদি বলে থাকেন তাহলে মওদুদ নিজেই বলেছেন।"
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী শফিক আহমেদের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মওদুদ বলেছিলেন, আইনমন্ত্রী তার (মওদুদ) বই না পড়ে অসত্য বলেছেন। তিনি তার 'শেখ মুজিবুর রহমানের শাসনকাল' বইতে স্বাধীনতার ঘোষক হিসেবে কোথাও শেখ মুজিবুর রহমানের কথা উল্লেখ নেই বলে দাবি করেন।
বইটি দেখিয়ে শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "বইটির ৫ নম্বর পৃষ্ঠার শেষ দিকের প্যারায় বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক এবং একাত্তরের ২৬ মার্চ এই ঘোষণা দেওয়া হয়েছে বলে মওদুদ আহমেদ নিজেই উল্লেখ করেছেন। আমি শুধু তার বইয়ের রেফারেন্স দিয়েছি।"
পাকিস্তান বেতার, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ আরও কয়েকটি পত্রিকার প্রতিবেদনের অনুলিপি দেখিয়ে তিনি আরো বলেন, "২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুই দিয়েছেন এটি দিনের আলোর মত স্পষ্ট। এ নিয়ে বছরের পর বছর একটি চক্র ইতিহাস বিকৃত করেছে। এখনো তারা সেই চেষ্টায় লিপ্ত রয়েছে।"
শফিক আহমেদ বলেন, "জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেননি। এখন বিএনপি তা অস্বীকার করছে। কিন্তু এটা করার যুক্তিই আমি দেখি না।"
স্বাধীনতার ৩৮ বছর পর কেন এই বিষয়ে আদালতে গিয়ে রায় নিতে হলো- এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন রেখে শফিক আহমেদ বলেন, "এতদিন কেন আপনারা এ বিষয়টি নিয়ে চুপ ছিলেন। যে লোকটি দেশের স্বাধীনতা এবং সেই দেশের জন্য শেষ পর্যন্ত নিজের জীবনটাই দিয়ে গেলেন তার অবদানের স্বীকৃতি দিবেন না?"
ভবিষ্যতে নতুন সরকার ক্ষমতায় এসে তারা যদি এই রায় পরিবর্তন করে তাহলে কি বিতর্ক দেখা দেবে না- এই প্রশ্নের জবাবে তিনি বলেন,"সুপ্রিম কোর্টের রায় আইন। আইন যে শুধু সংসদই করে তা নয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগের যে কোনো রায়ই আইন হিসেবে সংবিধানে উল্লেখ করা হয়েছে।"
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জুন হাইকোর্ট জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়।
রায়ে আদালত চারদলীয় জোট সরকারের আমলে মুদ্রিত 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র'-এর তৃতীয় খণ্ড বাতিল ও বাজেয়াপ্ত ঘোষণা করে।
এতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/২৩০০ ঘ.
bdnews24