ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ।
এছাড়া প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) জনবল কমিয়ে তাদের কর্মকাণ্ড সশস্ত্র বাহিনীর মধ্যে সীমাবদ্ধ রাখারও পরামর্শ দেন এই অবরসরপ্রাপ্ত লে. কর্নেল।
বৃহস্পতিবার সংসদে ২০০৯-২০১০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় বিরোধীদলীয় এ সাংসদ এসব কথা বলেন।
অলি আহমেদ বলেন, "আমাদের বিদেশি রাষ্ট্রদূতদের নিয়ন্ত্রণ করতে হবে। তারা তাদের ইচ্ছা মতো কথা বলে। বিদেশের মন্ত্রীরা এসে সরকারকে শাঁসিয়ে যায়। এটা কোনো স্বাধীন দেশের জন্য গ্রহণযোগ্য নয়।"
সরকারের প্রতি বিদেশের কাছে মাথা নত না করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, "২% টাকা দিয়ে তারা আমাদের দেশে মাতাব্বরি করবে, তা হবে না।"
তাছাড়া বাজেট উপস্থাপনের দিনে নামাজের বিরতির পর বিদেশী রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সংসদের অধিবেশনে ফিরে না আসাকে 'অগ্রহণযোগ্য' বলে আখ্যায়িত করে এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এলডিপি নেতা।
বিকেলের অধিবেশনে পনেরো মিনিটের বাজেট আলোচনায় অংশ নিয়ে এই সাবেক মন্ত্রী কালোটাকা সাদা করার প্রস্তাব, সাংসদদের বেতন-ভাতা বৃদ্ধি, জরুরি অবস্থায় রাজনীতিবিদদের হয়রানির বিচার, নতুন করারোপ না করারসহ বিভিন্ন বিষয়ে দাবি ও সুপারিশ করেন।
বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব প্রসঙ্গে অলি আহমেদ বলেন, "এটা সরকারের একটি ভালো উদ্যোগ। তবে তা তিন বছরের জায়গায় এক বছর করা উচিৎ।"
রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতির সঙ্গে সাংসদদের বেতন-ভাতাও বাড়ানোর পরামর্শ দেন তিনি।
উন্নয়ন বাজেট বৃদ্ধি ও অনুন্নয়ন খাতে বরাদ্দ কমানোর সুপারিশ করে অলি আহমেদ বলেন, "নতুন করে যেসব পণ্যের ওপর করারোপ করা হয়েছে, তা করবেন না। সাধারণ মানুষের উপর করের বোঝা আর বাড়ানো ঠিক হবে না।"
এছাড়া টিপাইমুখে বাঁধ, সমুদ্র সমীনা নির্ধারণসহ বিভিন্ন সমস্যা সমাধানে ভারতের সঙ্গে 'প্যাকেজ ডিল' করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
এছাড়া অলি আহমেদ দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) শক্তিশালীকরণ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি, বিদ্যুৎ-গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে সরকারকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এএল/এইচএ/২০৪০ ঘ.
bdnews24