২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় কলেজ ছাত্র খুন, স্বর্ণালংকার ও টাকা চুরি

সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এক কলেজ ছাত্রকে খুন করে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

সাতক্ষীরা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এক কলেজ ছাত্রকে খুন করে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একই এলাকার কামাল (২২) ও মোহাম্মাদ আলী (২৫) নামের দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিহত এনামুল হক লিটন (১৯) কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের দাউদ হোসেনের ছেলে। তিনি নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়্যাল কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, মঙ্গলবার লিটন রাজারবাগান এলাকায় মামা আব্দুল খালেকের বাড়িতে বেড়াতে আসেন। রাতে দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকে লিটনকে হত্যা করে। এরপর তারা বাড়ির আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। ওই রাতে গৃহকর্তা আব্দুল খালেক পরিবারসহ ঢাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলার বরাত দিয়ে তিনি আরও বলেন, রাতে লিটনের মামাত ভাই দিশান বাড়ি এসে দরজায় তালা দেখেন। এরপর কোথাও লিঠনকে না পেয়ে দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে লিটনকে মৃত দেখতে পেয়ে পুলিশে খবর দেন। চুরিতে বাধা দেওয়ায় লিটনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। বুধবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে লিটনের মামা আব্দুল খালেক থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪০ ঘ.