ভোলা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা কার্যালয়ে বুধবার দুপুরে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে পার্টির এক নেতা অভিযোগ করেছেন।
কিন্তু হামলার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন জেলা যুবলীগের এক নেতা।
জেলা বিজেপি সেক্রেটারি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগ কর্মীরা সদর উপজেলার নতুন বাজারে বিজেপি কার্যালয়ে হামলা চালিয়েছে। ভাঙচুর করেছে আসবাবপত্র।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান বলেন, পরিদর্শন শেষে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে এখনও কোন মামলা দায়ের করা হয়নি বলে তিনি জানান।
এদিকে জেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, ছাত্রলীগ ও যুবলীগের কেউ এই হামলা চালায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/টিআর/১৯০৫ ঘ.
bdnews24