২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলা: টিআই প্যারেডে লিয়াকত সনাক্ত

সিএফইউএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র খালাসের সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন। তবে ঘটনাস্থলে তিনি ছিলেন উলফা সদস্য আবুল হোসেন পরিচয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 10:12 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএফইউএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র খালাসের সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন। তবে ঘটনাস্থলে তিনি ছিলেন উলফা সদস্য আবুল হোসেন পরিচয়ে। বুধবার চট্টগ্রাম কারাগারে টিআই প্যারেডে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লিয়াকতকে সনাক্ত করেছেন মামলার সাক্ষী সাবেক দুই পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দীন। উপ কারা রক্ষক (ডেপুটি জেলার) আবু মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত অনুষ্ঠিত টিআই (টেস্ট আইডেন্টিফিকেশন) প্যারেডে লিয়াকতসহ ১১ জনকে হাজির করা হয়। এ সময় আলাউদ্দিন ও হেলাল উদ্দীন আলাদা আলাদাভাবে লিয়াকতকে সনাক্ত করেন।" চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমানের উপস্থিতিতে টিআই প্যারেড অনুষ্ঠিত হয়। অস্ত্র খালাসের সময় লিয়াকত হোসেনের উপস্থিতির বিষয়ে নিশ্চিত হতে গত রোববার টিআই প্যারেডের অনুমতি দেয় আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী ওই আবেদন জানান। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তারা জানান, কর্ণফুলী থানার তৎকালীন সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দীন জিজ্ঞাসাবাদে আবুল হোসেন নামে কথিত এক উলফা নেতা উপস্থিত থেকে অস্ত্র খালাস কাজ তদারকি করেন বলে তথ্য দিয়েছিলেন। এনএসআই'র সাবেক উপ-পরিচালক লিয়াকত হোসেনকে এ মামলায় গ্রেপ্তারের পর পত্রিকায় ছবি দেখে ওই দুই পুলিশ কর্মকর্তা তাকে কথিত আবুল হোসেন বলে সন্দেহ করেন। এর পরিপ্রেক্ষিতে আবুল হোসেনই লিয়াকত কি না, তা নিশ্চিত হতে সিআইডি টিআই প্যারেডের আবেদন জানায়। এর আগে লিয়াকত হোসেনকে গ্রেপ্তারের পর সিআইডি দুই দফা তাকে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ মামলায় গ্রেপ্তার অন্য আসামিরা ঘটনার সঙ্গে লিয়াকতের জড়িত থাকার তথ্য দিয়েছেন। এছাড়া সাবেক দুই সার্জেন্টও তাদের সাক্ষীতে আবুল হোসেনের উপস্থিতির বিষয়টি উল্লেখ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে সিআইডির অন্য এক কর্মকর্তা জানান, টিআই প্যারেডে শনাক্ত করার পর লিয়াকত হোসেনের সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'উলফা'র সম্পৃক্ততাও খুঁজে দেখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমআই/১৬১৮ ঘ.