ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতারণা মামলায় প্রশিকার সাবেক চেয়ারম্যান ড. কাজী ফারুক আহমেদকে আগামী আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য সরকার ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশও দেওয়া হয়েছে।
আত্মসমর্পণের পর তার জামিনের আবেদন বিবেচনা করার জন্য ঢাকার মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. মারযি-উল-হকের দ্বৈত বেঞ্চ কাজী ফারুকের আগাম জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
কাজী ফারুক হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন।
তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান ও অ্যাডভোকেট দেবাশিস ভট্টাচার্য।
গত বছরের ২৭ আগস্ট কাজী ফারুক আহমেদের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন প্রশিকার একজন সাবেক কর্মচারী মাসুদ রানা।
মামলায় তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানের কল্যাণ তহবিল থেকে তিনি ১ লাখ ১৬ হাজার টাকা চাইলে তা না দিয়ে কাজী ফারুক প্রতারণা করেছেন।
পরে এ মামলায় ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত কাজী ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০৩৫ ঘ.
bdnews24