ঢাকা জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একসময় গোটা ভারতবর্ষ জুড়ে বিখ্যাত ঢাকার রথযাত্রা হবে বুধবার।
হিন্দু ধর্মাবলম্বীদের এ বৃহৎ ধর্মীয় উৎসব উপলক্ষে রাজধানীর কয়েকটি সড়কে তাৎক্ষণিক বিকল্প যাতায়াত ব্যবস্থা চালু করবে মহানগর ট্রাফিক পুলিশ।
দুপুর তিনটা থেকে শুরু হওয়া রথযাত্রা তিনটি রুটে চলবে। স্বামীবাগ আশ্রম থেকে জয়কালী মন্দির-শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, প্রেসক্লাব, রমনা কালী মন্দির, শহীদ মিনার হয়ে ঢাকেশ্বরী মন্দিরে আসবে। অন্য দিকে শাখারী বাজার থেকে ভিক্টোরিয়া পার্ক, জনসন রোড, নবাবপুর রোড, মদন সাহা রোড হয়ে নারিন্দা রোডস্থ মাধব গৌড়ীয় মন্দিরে এসে শেষ হবে। এছাড়া তাঁতীবাজার কোতয়ালী রোড থেকে পাটুয়াটুলী, সদরঘাট ক্রসিং, ভিক্টোরিয়া পার্ক, ইংলিশ রোড হয়ে তাঁতীবাজার প্রদক্ষিণ করবে।
রথযাত্রা চলার সময় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রুটে সাধারণ যানবাহন চলাচলের জন্যে বিকল্প সড়ক নির্ধারণ করবে পুলিশ।
এ সময় সবাইকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্যে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৪৩ঘ.
bdnews24