ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সীমান্তের কিছু কিছু এলাকায় মিয়ানমারের কাঁটা তারের বেড়া দেওয়ার পরিপ্রক্ষিতে অবশিষ্ট অংশও বাংলাদেশ পাল্টা বেড়া দিয়ে পূরণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি বলেন, তারপরও দু'দেশের মধ্যে বন্ধুপ্রতীম সম্পর্ক জোরদার করে তোলার জন্য বাণিজ্য, সীমান্ত ও সংস্কৃতি নিয়ে নতুন চুক্তি করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার সকালে এক বৈঠক শেষে সাংবাদিকদের সাহারা খাতুন এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম, গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সীমান্তে একতরফাভাবে মিয়ানমারের কাঁটা তারের বেড়া নির্মাণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কোন ব্যবস্থা নেবে কিনা, এই প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, "সীমান্ত রক্ষায় যে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
মিয়ানমার বাংলাদেশ সীমান্তের কিছু কিছু এলাকায় কাঁটা তারের বেড়া দিয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সীমান্তের বাকি এলাকা (গ্যাপ) আমরাও বেড়া দিয়ে পূরণ করে দেব।"
তিনি বলেন, মিয়ানমার এখন পর্যন্ত বাংলাদেশ সীমানায় প্রবেশ করে কোন তৎপরতা চালায়নি। তবে তারা 'এখতিয়ার বহির্ভূত' কিছু করলে পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রতিবাদ জানাবে।
বৈঠকে মিয়ানমারের সঙ্গে সাময়িক সড়ক নির্মাণ নিয়ে আলোচনা হয়েছে বলে সাহারা খাতুন জানান। তিনি বলেন, দেশটির সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের চুক্তি রয়েছে। ব্যবসা ও সংস্কৃতিসহ সব বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে তোলার জন্য নতুন চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে বৈঠক থেকে বেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম হোসেন সাংবাদিকদের বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে বিডিআর মহাপচিালক ও গোয়েন্দা প্রধানরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তবে আলোচনার বিষয়বস্তু এখনই প্রকাশ করা সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/টিআর/এসকে/২২৪১ ঘ.
bdnews24