বাগেরহাট, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার করা হযেছে।
গ্রেপ্তার করা আসামির নাম- মনু শেখ (৪২)। তিনি বাগেরহাট শহরের সাধনার মোড় এলাকার বাসিন্দা।
১৮ জুন রাতে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের মগরা বাজার থেকে মনু শেখ ও তার সহযোগী কালাম টাকার জাল নোটসহ আটক করে জনতা মারধর করে থানায় দেয়। ওই দিন রাতে পুলিশ মনুকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ২০ জুন বাগেরহাট সদর থানার তিন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত জানান, মনু শেখকে শহরের কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৮ ঘ.
bdnews24