গোপালগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় সোমবার সন্ধ্যায় দুটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ৩০ রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে।
গুলিবিদ্ধ ইসলাম মোল্লা (২২), মারুফ শেখ (৪২) ও জাহিদুল ইসলাম (২০), মন্টু মোল্লাসহ (৩৫), সাবিনা বেগম (৪০), সোবহান (৪০), দ্বীন ইসলাম (২৫), রহমান (২৫), ইবাদ আলী (৩৮), নুরুল ইসলাম (২৬), লাভলী বেগম (৩৫), কাজী আসলামসহ (২০) ২০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই কুশলী গ্রামের বাসিন্দা।
তবে ইসলাম মোল্লাকে হাসপাতালে দেখা যায়নি। রাতে তিনি হাসপাতাল ত্যাগ করেন বলে চিকিৎসাধীনরা জানান।
নিলফা গ্রামের আহতদের টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছয়রুদ্দিন আহমেদ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমকে বলেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে এখনও মোতায়েন রয়েছে অতিরিক্ত দাঙ্গা পুলিশ।"
পুলিশ কর্মকর্তা ও এলাকাবাসীরা জানান, উপজেলার কুশলী গ্রামের কলেজ ছাত্র হেলাল মোক্তার ১০দিন আগে নিলফা বাজারের আবু দোয়াদ্দারের দোকানে একটি সিলিং ফ্যান মেরামত করতে দেন।
সোমবার বিকালে ফ্যানটি আনতে গেলে মেরামত হয়নি বলে দোয়াদ্দার জানান। এ নিয়ে দু' জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলালকে মারধর করা হয়।
এ ঘটনার জের ধরে বিকেল ৬ টায় কুশলী ও নিলফা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। ঢাল, সড়কি দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে টুঙ্গীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ গিয়ে অন্তত ৩০ রাউন্ড ফাঁকা গুলি ও রাববার বুলেট ছোড়ে। সন্ধ্যা ৮ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন মন্টু মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষ শুরু হওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথম ফাঁকা গুলি ছোড়ে। এতে সংঘর্ষকারীরা ছত্রভঙ্গ না হলে পুলিশ দুপক্ষকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।
তিনি দাবি করেন, অনেকেই রাবার বুলেটবিদ্ধ হয়েছেন। পুলিশ অন্তত ৩০ রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৮ ঘ.
bdnews24