২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কবরীর গাড়িবহরে হামলা-ভাঙচুর

আওয়ামী লীগের ৬০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আয়োজিত সমাবেশে ঢাকা যাওয়ার পথে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ্ বেগম কবরীর গাড়িবহরে হামলা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

নারায়ণগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের ৬০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আয়োজিত সমাবেশে ঢাকা যাওয়ার পথে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ্ বেগম কবরীর গাড়িবহরে হামলা হয়েছে। দুপুর ২টায় শহরের চাষাড়ায় হামলাকারীরা গাড়িবহরের ১০/১২টি বাস ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবহন নেতারা এ ঘটনার জন্য কবরীর সমর্থকদের দায়ী করেছেন। বাস ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রুটের সব বাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। নারায়ণগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন জানান, ভাঙচুরের সময় ঘটনাস্থলে পুলিশ ছিল না। পুলিশ ঘটনা সর্ম্পকে খোঁজ খবর নিচেছ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ফতুল্লার পঞ্চবটির দলীয় কার্যালয়ে জড়ো হন। ১টার দিকে তারা ২৫/৩০টি বাস, ১০/১৫টি ট্রাক ও মাইক্রোবাসে করে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় পৌর শহীদ মিনারে প্রাঙ্গণে সমবেত হন। এখানে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসেন আরও নেতা-কর্মী। গাড়ি বহরটি চাষাড়া শহীদ মিনারের সামনে দিয়ে ঘোরার সময় বহরের ১০/১২টি বাসকে প্রথমে চাষাড়া রেলস্টেশনের গেট ফেলে আটকে দেওয়া হয়। এরপর ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় বাসে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীরা ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী নারায়ণগঞ্জ পৌর মেয়র সেলিনা হায়াত আইভি বলেন, "আমি নিজে দেখেছি চাষাড়া রেলক্রসিংয়ে রেলগেইট বন্ধ করে এমপি কবরীর গাড়ি বহর সন্ত্রাসীরা আটকে দেয়।" ঘটনার পর চাষাড়া শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে কবরী বলেন, "একটি বিশেষ পরিবার সন্ত্রাস, হামলা, বোমাবাজি, পিস্তল দেখিয়ে নারায়ণগঞ্জ শাসন করতে চায়। তারাই আজ আমার গাড়ি বহরে হামলা চালিয়েছে।" তিনি আরও বলেন, "আমরা এ বিশেষ পরিবারের ভয়ে ভীত নই। নারায়ণগঞ্জবাসী সন্ত্রাসী ও গডফাদারদের প্রত্যাখান করেছে।" শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিনা হায়াত আইভি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, সহ-সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ। এরপর কবরীর নেতৃত্বে নেতা-কর্মী-সমর্থকরা ঢাকার উদ্দেশে রওনা হয়। এদিকে বিকেলে জেলা বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করে। জেলা সড়ক পরিবহন কমিটির সভাপতি সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিনিবাস মালিক ঐক্যজোটে সভাপতি ও আনন্দ পরিবহনের চেয়ারম্যান মুক্তার হোসেন, জেলা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস প্রমুখ বক্তব্য রাখেন। কবরীর লোকজন এ হামলা চালিয়েছে বলে দাবি করে তারা ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সকল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ধর্মঘট ডেকেছে। সভায় মুক্তার হোসেন বলেন, "তারা আগে আমাদের কাছ থেকে ১৩টি গাড়ি নিয়েছিল। আরও গাড়ি চাইলে পরিবহন মালিকরা ভাড়া দাবি করেন । এতে ক্ষুব্ধ হয়ে এমপি'র লোকজন গাড়ি ভাঙচুর করে।" এ ঘটনায় শামীম ওসমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এটি আমার কোনো ব্যাপার না। কবরীর লোকজন জোর করে গাড়ি নিতে চেয়েছিল। এ নিয়ে তাদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের সমস্যা তৈরি হয়। আমার কোন লোক এর সঙ্গে জড়িত না।" সারাহ্ বেগম কবরী তার লোকজনের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, "আমাদের বাসের বহরে হামলা চালিয়ে ভাঙচুর করে উল্টো নাটক সাজানো হচ্ছে। মানুষ এসব নাটক বোঝে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১১ ঘ.