ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিগগিরই স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী তথ্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সরকার প্রয়োজনীয় সব কিছুই করবে।
রাজধানীর একটি হোটেলে সোমবার আরটিআই ফোরাম এবং দি ওয়ার্ল্ড ব্যাংক ইন্সটিটিউট আয়োজিত 'রাইট টু ইনফর্মেশন: ল ইন্সটিটিউট অ্যান্ড সিটিজেন্স' শীর্ষক দু'দিনের সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শফিক আহমেদ বলেন, "তথ্য অধিকার আইন অনুযায়ী কিছু দিনের মধ্যেই একটি তথ্য কমিশন গঠন করা হবে। এ কমিশন স্বাধীন, নিরপেক্ষভাবে কাজ করবে।"
তথ্য কমিশনের কাজে সরকার কোনো প্রভাব বিস্তার করবে না জানিয়ে মন্ত্রী বলেন, "কমিশন সরকারের যে কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য চাইতে পারবে।"
প্রধান বিচারপতির নেতৃত্বে তথ্য কমিশনের চেয়ারম্যান ও কমিশনার বাছাইয়ের জন্য একটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
শফিক আহমেদ বলেন, "সরকার তথ্য কমিশন গঠনের জন্য স্বচ্ছতা নিশ্চিত করবে।"
গত ২৯ মার্চ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাসহ আটটি গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য প্রদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়ে সংসদে একটি বিল পাস করা হয়।
বিল অনুযায়ী, প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে এবং ওই আটটি বাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহে বাধ্য থাকবে। আবেদনের পরিপ্রেক্ষিতে কুড়ি দিনের মধ্যে তথ্য সরবরাহ করতে হবে।
তবে এই আট সংস্থা বা প্রতিষ্ঠানকে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য প্রকাশ করতে হবে বলে বিলে উল্লেখ করা হয়।
দু'দিনের সম্মেলনের ৬টি কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশ তুলে ধরেন অনুষ্ঠানের সমন্বয়ক শাহীন আনাম।
আলোচনায় অংশ নেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, ভারতের আরটিআই-এর চিফ কমিশনর শৈলাস গান্ধী ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বক্তরা দেশের গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তথ্য পাওয়ার অধিকারের গুরুত্ব তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/টিআর/২২২৯ ঘ.
bdnews24